রাজধানীর রমনা পার্কের লেক থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, শুক্রবার বেলা ১১টার দিকে কয়েকজন আলোকচিত্রী লেকে ভাসতে থাকা মরদেহটি দেখতে পেয়ে টেনে তোলেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। পরে আঙ্গুলের ছাপ সংগ্রহ করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নিশ্চিত করে মরদেহের নাম ওয়াসিমুল হক, বয়স ৫৫।
‘মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরিচয় নিশ্চিতের পর পরিবারের সদস্যদের খবর দিলে তারা এসে মরদেহ শনাক্ত করেন।’
পরিবার জানিয়েছে, ওয়াসিমুল মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার স্ত্রী ও সন্তান ছিল না। তিনি ইস্কাটন গার্ডেনে মায়ের সঙ্গে বসবাস করতেন। তার এক ভাই গুলশানে থাকেন।
মিজানুর রহমান বলেন, ‘সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লেকের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর কারণ নিশ্চিত করা সম্ভব হবে।’
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১০টার দিকে ওই ব্যক্তি লেকের পাড়ে বসে ছিলেন। তার পাশে জুতা রাখা ছিল। কিছুক্ষণ ঘোরাঘুরির পর সেখানে গেলে জুতা থাকলেও তাকে দেখা যায়নি। পরে লেকের পানিতে ভাসতে দেখে টেনে তোলা হয়।
পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই। অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


