বিএনপি ক্ষমতায় গেলে গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগাহ মাঠে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি।
বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ তিনদফা দাবিতে আন্দোলন করছেন দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। এসব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও রয়েছে তাদের।
এ আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষকরা আন্দোলন করছেন। বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে। তাই আগামী নির্বাচনে ভোট দিয়ে বিএনপির পাশে থাকার অনুরোধও জানাচ্ছি।’
আগামী নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালু করতে আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। এ বিষয়ে তিনি বলেন, পার্লামেন্টে (সংসেদে) গিয়ে পিআর পদ্ধতি নিয়ে তর্ক-বিতর্ক হবে। পিআর পদ্ধতি বাদ দিয়ে আসেন, নির্বাচন করে দেশটা গড়ি। জনগণ নির্বাচন চায়, ভোট দিতে চায়, জনপ্রতিনিধি চায়।’
গণআন্দোলনের মুখে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শেখ হাসিনা গুলি করে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। আওয়ামী লীগের আমলে তিনটা নির্বাচন হয়েছে। ভোট ছাড়াই ক্ষমতায় গেছে। আর আমরা গত ১৫ বছর ধরে একটা জিনিসের জন্য লড়াই করেছি। সেটা হলো ভোটাধিকার। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা সবাই মেনে নিয়েছি। এবার গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবে।’
সার সংকট নিরসন আর বীজ মজুদে কৃষকদের দাবির বিষয়ে তিনি বলেন, ‘এ দেশে আমলাতন্ত্র চলবে না। সার সংকট আর কৃষকদের দাবি মেনে না নিলে জেলা প্রশাসক (ডিসি) অফিস ঘেরাও করা হবে।’
মতবিনিময় সভায় বিএনপির জেলা সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


