নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহে পচন ধরায় ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে ইউনিয়নের মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পুকুরে মাছ ধরার জন্য সেচকাজ চলছিল। সেচের পর পানি কমে গেলে কয়েকজন শ্রমিক কচুরিপানা পরিষ্কার করতে শুরু করেন। এ সময় ঘন কচুরিপানার নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা চিৎকার শুরু করেন। পরে মুহূর্তের মধ্যেই শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।


