যথাসময়ে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘নির্বাচনের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। ১৬ থেকে ১৭ বছর ধরে নির্বাচন না হওয়ায় মানুষের নির্বাচনের অভ্যাস চলে গেছে। নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই এবং যথাসময়েই নির্বাচন হবে।’
রোববার সকালে রাজশাহীতে বিচারিক হাকিম আদালতের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইন উপদেষ্টা এ কথা বলেন। এদিন লিগ্যাল এইড অফিস এবং আদালতও ঘুরে দেখেন তিনি।
আসিফ নজরুল বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সরকার বদ্ধ পরিকর। আমরা কাজ করে যাচ্ছি, যাতে গ্রহণযোগ্য নির্বাচন হয়। রাজনৈতিক ব্যক্তি বা দল চাপ সৃষ্টি করতে নানা রকম বক্তব্য দিচ্ছে। আমরা সেগুলো গ্রহণ করে নির্বাচন করতে কাজ করে যাচ্ছি।’
সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘জামিনের এখতিয়ার বিচারকের। এখানে আমাদের কিছু করার নেই। আমরা বিষয়টি বিবেচনায় রাখছি।’
আইন উপদেষ্টা আরও জানান, লিগ্যাল এইডের ক্ষেত্রে আইনগত সহায়তা বাধ্যতামূলক করা হয়েছে। ১২ জেলায় যে পাইলট প্রকল্প নেওয়া হয়েছিল, তা রাজশাহীতেও দ্রুত শুরু হবে।


