ঢাকার কেরানীগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা ও গাড়িতে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর ঢাকাগামী একটি বাস উঠে গেলে দুই শ্রমিক নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন।
বুধবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাহফুজ (৩৫) ও জামাল (৩৬)। দুর্ঘটনায় আহতদের মধ্যে চারজনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চান মিয়া (৪০), সেলিম (৩৫), বরকত (৩২) এবং জসিম (৩৫)। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনের সড়কে শ্রমিকরা কাজের উদ্দেশ্যে গাড়িতে বসে ও পাশে অবস্থান করছিলেন। এ সময় দ্রুতগতির একটি ঢাকাগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় এবং আরও ছয়জন আহত হন।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


