কুষ্টিয়ার মিরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সজীব (২৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় হেলপার জিহাদসহ (১৫) আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার ভোর ৪টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের উপজেলার ৯ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের বাবুগঞ্জ থেকে আম সংগ্রহের উদ্দেশ্যে একটি ট্রাক নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিলেন চালক সজীব ও হেলপার জিহাদ। পথে ৯ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে তাদের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক সজীব নিহত হন।
এ সময় হেলপার জিহাদসহ অপর ট্রাকের চালক ও হেলপার আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহত সজীবের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


