আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকার যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রাখার জন্য আগামী ১২ ফেব্রুয়ারি বাড়তি মেট্রোরেল চলবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। এ ছাড়া ভোটের জন্য দেওয়া সাধারণ ছুটির দিনগুলোতেও মেট্রো ট্রেন স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে।
ফারুক আহমেদ জানান, নির্বাচনের দিন যাত্রীচাপ বিবেচনা করে অতিরিক্ত মেট্রোরেলের ব্যবস্থা রাখা হয়েছে। ফলে যাত্রীদের যাতায়াতে কোনো সমস্যা হবে না।
তবে নিরাপত্তার জন্য যেসব স্টেশনের প্রবেশ ও বহির্গমন গেট ভোটকেন্দ্রের একেবারে পাশে রয়েছে, সেসব গেট সাময়িকভাবে বন্ধ রাখা হবে। স্টেশনের অন্যান্য গেট স্বাভাবিকভাবেই খোলা থাকবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।
ডিএমটিসিএলের পরিচালক এ কে এম খায়রুল আলমের সই করা এক অফিস আদেশে জানানো হয়, আগামী রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন অপারেশন, লাইন অপারেশন, রক্ষণাবেক্ষণ, আবশ্যকীয় নিরাপত্তা কার্যক্রম এবং সংশ্লিষ্ট অন্যান্য ইউনিটে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীর বিশেষ বা জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের ছুটি বাতিল থাকবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অফিস আদেশে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আসন্ন নির্বাচনে ভোটগ্রহণের দিন এবং আগে-পরে কিছু যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ভোটগ্রহণের সময় তিন দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মোটরসাইকেল চলাচলে। এছাড়া ২৪ ঘণ্টা বন্ধ থাকবে ট্রাক, মাইক্রোবাস ও ট্যাক্সি ক্যাবসহ চার ধরনের যান চলাচল।
ইসির নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণের আগের মধ্যরাত অর্থাৎ ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।
অন্যদিকে, ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিন জুলাই সনদ বাস্তবায়নে অনুষ্ঠিত হবে গণভোট।


