কুমিল্লায় সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার সকালে তিনি গণসংযোগে গিয়ে দেবীদ্বার উপজেলার দেবীদ্বার-চান্দিনা আঞ্চলিক সংযোগ সড়কের কাচিসার এলাকায় এ প্রতিবাদ জানান।
দেবীদ্বার-চান্দিনা সড়কটি শুধু দুটি উপজেলার সংযোগ সড়ক নয়, এটি ঢাকা-চট্রগ্রাম ও কুমিল্লা-সিলেট মহাসড়কের সংযোগ সড়ক হওয়ায় এ অঞ্চলের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সড়ক। কিন্তু দীর্ঘদিন ধরে সাড়ে ১৪ কিলোমিটারের এই সড়ক সংস্কার না হওয়ায় সেখানে অসংখ্য বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ভাঙা আর বড় বড় গর্তের ফলে চলাচলের প্রায় অনুপযোগী সড়কটি অতিক্রম করতে যাত্রীদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে এবং একটু বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে।
হাসনাত আবদুল্লাহ এই প্রতিবাদী কার্যক্রমে যোগ দেন স্থানীয়রাও।
এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এই রাস্তায় মানুষ আসা যাওয়া করে, কয়েক দিন আগে এই রাস্তায় একটা ছেলে মারা গেছে। রাস্তা ঠিক না করলে, তার চেয়ে ভালো রাস্তায় মাছ চাষ করুন, মাছ চাষ করলেও মানুষ কিছু মাছ খেতে পারবে। দেবীদ্বারের রাস্তা ঘাট এতোটাই খারাপ অবস্থা যে মাছ ছেড়ে দিয়ে চাষ করার মতো। এখানে আমি মাছ ছাড়ছি, আপনারাও ছাড়বেন তাতে যদি কিছু হয়।’


