কুমিল্লায় নিজ বাসা থেকে মিলন আক্তার (৫৪) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় নগরীর উত্তর রেসকোর্স এলাকার কাঠেরপুল মজুমদার ভিলার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বাড়ি বুড়িচংয়ের নিমসার (শিকারপুর) গ্রামে।
প্রতিবেশীরা জানান, প্রায় ১৫ বছর আগে মিলন আক্তারের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর থেকে রেসকোর্সে মায়ের সঙ্গে থাকতেন তিনি।
চার থেকে পাঁচ দিন আগে তার মা নোয়াখালীতে চিকিৎসার জন্য গেলে তিনি একাই বাসায় ছিলেন। তার তিন মেয়ের মধ্যে একজন ইউরোপে, দ্বিতীয়জন নোয়াখালীতে, আরেক মেয়ে তানজিনা রেসকোর্স এলাকার ভাড়া বাসায় থাকেন।
তানজিনা আক্তার জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি ফোন করে মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। পরে বাসায় গিয়ে দরজা খুলে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ, র্যাব ও পিবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে যায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম জানান, একদিন আগেই গলা কেটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহে কিছুটা পচন ধরায় নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত জানতে তদন্ত চলছে।


