বিভিন্ন কারণে যেসব সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছিল, সেগুলো পুনর্বিবেচনার সুযোগ দিয়েছে তথ্য অধিদপ্তর।
এজন্য আপিল কমিটি বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আপিল কমিটি সেই আবেদন যাচাই-বাছাই করে নতুন কার্ড ইস্যু করবে বা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
মঙ্গলবার এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, ‘বিভিন্ন কারণে তথ্য অধিদপ্তর কর্তৃক বিভিন্ন কারণে ইতোপূর্বে যাদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, তারা প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা ২০২৫ অনুযায়ী পুনর্বিবেচনার জন্য প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে পারেন। নির্ধারিত আবেদন ফরম তথ্য অধিদপ্তরের ওয়েবসাইট (pressinform.gov.bd) থেকে ডাউনলোড করে আবেদন করা যাবে।’
বাংলাদেশে সাংবাদিকদের জন্য প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করে সরকারের তথ্য মন্ত্রণালয়। এই কার্ড মূলত এক ধরনের অনুমোদনপত্র; যেট ব্যবহার করে সাংবাদিকরা নির্দিষ্ট স্থান বা সরকারি অনুষ্ঠানে প্রবেশাধিকার পেয়ে থাকেন।
২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর অক্টোবর-নভেম্বরে তিন দফায় ১৬৭ জনেরও বেশি সাংবাদিকের স্থায়ী-অস্থায়ী প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে অন্তর্বর্তী সরকার। বিষয়টি নিয়ে সেসময় বিপুল সমালোচনার সৃষ্টি হয়।
এর কিছুদিন পরই সাংবাদিকদের জন্য ইস্যু করা সব অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশ বাতিল বলে ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেসময় প্রেস উইং জানায়, যেকোনো ইভেন্টের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়মিত অস্থায়ী অ্যাক্সেস কার্য পাবেন সাংবাদিকরা। পরবর্তীতে সাংবাদিকদের জন্য একটি অস্থায়ী তালিকা তৈরি করা হলেও অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে লম্বা সময় ভোগান্তি পোহাতে হয়েছে পেশাদার সাংবাদিকদের।


