নব্বই দশক শুধু কুমিল্লা শহরেই ৬-৭টি সিনেমা হল ছিল। সে জায়গায় পুরো জেলাতেই সিনেমা হল খুঁজে পাওয়া কষ্ট হয়ে যায়। জেলাটিতে স্টার সিনেপ্লেক্স কয়েক বছর আগে তাদের একটি শাখা করার ঘোষণা দিলেও এখন পর্যন্ত তা হয়নি। তবে এর মধ্যে খবর হলো, এ ঈদে বিখ্যাত এ জেলা শহরটি একটি সিনেপ্লেক্স উদ্বোধন হতে যাচ্ছে।
‘কেস্ক্রিন সিনেপ্লেক্স’ নামের হলটি নির্মিত হয়েছে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরুর নেতৃত্বে। এটি কুমিল্লার ক্যান্টমেন্ট বোর্ড এলাকায় অবস্থিত গোমতি শপিং সেন্টারের আট তলায় অবস্থিত। এতে ২০০ ও ২৫০ আসনের দুটি স্ক্রিন থাকছে। এতে ৮:১ সাউন্ড সিস্টেম ও ডিসিপি প্রজেকশন ব্যবহার করা হয়েছে। আরও আছে ফুড কোর্ট। সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হয়েছে।
খোরশেদ আলম খসরু বলেন, ‘সিনেমার সঙ্গে আমার দীর্ঘদিনের বববাস। আমি সিনেমা প্রযোজনা, পরিচালনা করছি দুই দশকের বেশি সময় ধরে। পাশাপাশি বেশ কিছু সিনেমা হল পরিচালনার সঙ্গেও সম্পৃক্ত ছিলাম। সে জায়গা থেকে জানি দর্শক এখন আর আগের ভাঙাচোরা হলে ছবি দেখতে চায় না।’
তিনি জানান, টিকেট মূল্য দেশের অন্যান্য সিনেপ্লেক্সগুলোর সঙ্গে সামঞ্জস্য করেই রাখবো। প্রদর্শনের ক্ষেত্রে দেশীয় সিনেমাকে প্রাধান্য দিবেন।


