কুড়িগ্রাম শহরের তারামন বিবি মোড়ে ট্রাকের ধাক্কায় নজরুল ইসলাম (৫৮) নামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম যাত্রাপুর ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এই ঘটনায় তার সাথে থাকা ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে নজরুল ইসলাম তার ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে শহরের দিকে আসছিলেন। পথে তারামন বিবি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নজরুল ইসলাম প্রাণ হারান। স্থানীয়রা তার ছেলেকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেলেও পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, ঘাতক ট্রাকটি পুলিশি হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


