ঢাকার কামরাঙ্গীরচরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রকি (২৫) নামে এক মুদি দোকানের কর্মচারী নিহত হয়েছে।
সোমবার রাত সাড়ে ৩টার দিকে কামরাঙ্গীরচরের বড় গ্রাম মাতব্বর বাজার, হারিকেন ফ্যাক্টরি আশরাফাবাদ হাই স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রকির বাবা আবু সাঈদ জানান, তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালি গ্রামে। বর্তমানে কামরাঙ্গীরচর চেয়ারম্যান বাড়ি মোড় বড়গ্রাম এলাকায় থাকেন।
রকি একটি মুদি দোকানে কাজ করত জানিয়ে তিনি বলেন, ‘ভোরে খবর পাই কে বা কারা রকিকে ছুরিকাঘাত করেছে, তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পরে ঢাকা মেডিকেলে এসে রকির মরদেহ দেখতে পাই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই যুবকের দুই পায়ের উরুতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কামরাঙ্গীরচর থানা পুলিশ ঘটনার তদন্ত করছে।


