প্রতিবারের মতো এবারও কানাডার ক্যালগেরিতে ‘ক্যালগেরি টেগোর সোসাইটির’ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রবীন্দ্র জয়ন্তী’। স্থানীয় রকিরিজ সেইন হোমস ওয়াইএমসিএ, বিএমও সেন্টারে আগামী ১০ মে রোববার বিকাল ৫টায় এ অনুষ্ঠান হবে।
সোসাইটির সাধারণ সম্পাদক খায়ের খোন্দকার রুবেল জানান, এবার রবীন্দ্রজয়ন্তীতে বেশ কিছু নতুন চমক রয়েছে। তার মধ্যে রয়েছে মেইন স্ট্রিম মিউজিশিয়ানদের পারফরম্যান্স। প্রতিবারই কোনও না কোনও স্থানীয় তরুণ, নবীন শিল্পীদের প্রচার ও তাদের উৎসাহিত করতে এবং তাদের শিল্পকে সামনে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিয়ে থাকে ক্যালগেরী টেগোর সোসাইটি। এবারও তার ব্যতিক্রম হবে না।
এবারের আয়োজনে থাকছে সম্মিলিত, দ্বৈত গান এবং একক নিবেদন। আয়োজনে সঙ্গীত পরিবেশন করবেন ক্যালগেরির বিভিন্ন রবীন্দ্র সংগীত শিল্পীরা। তাদের মধ্যে রয়েছেন রীতা কর্মকার, সুলতা সাহা, তীর্থ সাহা, শুভাশিস চক্রবর্তী, কেকা সেনগুপ্ত এবং চন্দ্রিমা পোদ্দার ঐশী।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন সীমানা রায় ও রামিশা হক। এ ছাড়াও আবৃত্তিতে থাকছেন কিরিটী রায় এবং মুশফিক সালেহীন।
যন্ত্র সঙ্গীতে রয়েছেন বাপ্পি দেবরয় (তবলা), জয় চৌধুরী (কিবোর্ড), প্রশান্ত মাইকেল জন (গিটার), পিটার ফেলস্টেইন (ভায়োলিন) এবং মার্ক স্কোলজ (চেলো)।
সাউন্ড, লাইট ডিজাইন এবং সার্বিক সহযোগিতায় অয়ন সরকার। কমিউনিকেশন, গ্রাফিক ডিজাইন, অ্যানিমেশনে মুশফিক সালেহীন। অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় থাকছেন খায়ের খোন্দকার রুবেল। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল আই এবং প্রবাস বাংলা ভয়েস।
এ অনুষ্ঠান ঘিরে এর মধ্যে রবীন্দ্র প্রেমিক দর্শকদের মধ্যে অনেক উৎসাহ ও আগ্রহ দেখা গেছে।


