কর্ণফুলীতে পূর্ববিরোধের জেরে বন্ধুর হামলায় একজন নিহত

কর্ণফুলীতে পূর্ববিরোধের জেরে বন্ধুর হামলায় একজন নিহত
নিহত দিদারুল আলম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় পূর্ববিরোধের জেরে বন্ধুর মারধরে দিদারুল আলম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মইজ্জ্যার টেক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আবু তৈয়ব (৫০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত দিদারুল পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল মোহাম্মদ নগর এলাকার মৃত আহম্মেদ মিয়ার ছেলে। গ্রেপ্তার আবু তৈয়বও একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দিদারুল ও তৈয়ব আগে থেকে পরিচিত এবং ঘনিষ্ঠ ছিলেন। নগরীর রেয়াজুদ্দিন বাজারে দিদারুলের একটি স্টেশনারি দোকান রয়েছে, যেখানে একসময় কাজ করতেন তৈয়ব। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার শালিসি বৈঠকও হয়েছে।

নিহতের প্রতিবেশী এম এ রহিম জানান, আবু তৈয়ব প্রবাস থেকে ফিরে এসে বিপদে পড়লে দিদারুলই তাকে নিজের দোকানে কাজের সুযোগ করে দেন। তবে পরবর্তী সময়ে তৈয়ব দিদারুলের কাছে কোনও পাওনা না থাকলেও বিভিন্ন অজুহাতে টাকা দাবি করতেন।

আরও পড়ুন

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার দিন দিদারুল কাজ শেষে নগরীর বাকলিয়া এলাকায় নিজের বাসায় ফিরছিলেন। পথে মইজ্জ্যার টেকে ইউসিবি ব্যাংকের সামনে পৌঁছালে আগে থেকে সেখানে ওঁৎ পেতে থাকা তৈয়ব তাকে পিটিয়ে, ইট দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করেন।

এ সময় দিদারুলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূরে আলম আশেক বলেন, রাত সোয়া ৯টার দিকে তাকে হাসপাতালে আনা হয় এবং ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত আবু তৈয়বকে গ্রেপ্তার করা হয়।’

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad