বিএনপি ক্ষমতায় গেলে প্রথমেই কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘মহেশখালীর মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরের উদ্যোগ আমরাই নিয়েছিলাম। মহেশখালীতে বন্দর হলে নগর হবে এই চকরিয়া। মাতারবাড়ি বন্দর চট্টগ্রামের বন্দরের দ্বিগুণ হবে।’
শনিবার রাতে কক্সবাজারের চকরিয়ায় এক পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। চকরিয়া উপজেলার ইসলাম নগর শহীদ হোছাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে পথসভাটির আয়োজন করা হয়।
এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামি ফেব্রুয়ারীর প্রথমার্ধে বাংলাদেশের এই ঐতিহাসিক, দেশ পরিবর্তনের সুচনাকারী, জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন শুধুমাত্র সরকার গঠনের নির্বাচন হবে না, এ নির্বাচন হবে সারাবিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন।’
‘এবারের নির্বাচনে জণগণই তার নিজের ভোট পাহারা দেবে, আর কাউকে লাগবে না’ বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির নীতিনির্ধারণী কমিটির এই সদস্য বলেন, ‘দীর্ঘ ষোল-সতেরো বছর আওয়ামী ফ্যাসিবাদের কবলে পড়ে এই দেশের মানুষ ভোটাধিকার হারিয়েছে, গণতান্ত্রিক অধিকার হারিয়েছে। দেশের জনগণ কোনো অধিকার ভোগ করতে পারেনি।’
‘নামে মাত্র বাংলাদেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সাংবিধানিক শাসন ব্যবস্থা চালু থাকলেও প্রকৃতপক্ষে সবাই জানে গণতন্ত্রের মুখোশে শেখ হাসিনা এই দেশে বাকশাল কায়েম করেছিলেন। এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন’, অভিযোগ করেন তিনি।
পথসভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদের স্ত্রী এডভোকেট হাসিনা আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী।
এর আগে ধারাবাহিক ভাবে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী, কাকারা, লক্ষ্যারচর ও বরইতলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ এবং একাধিক পথসভায় বক্তব্য রাখেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘২০০৮ সালের জাতীয় নির্বাচনে আমি কারাগারে ছিলাম। আপনারা আমার সহধর্মিণী, আপনাদের পুত্রবধূ এডভোকেট হাসিনা আহমেদকে আমার চাইতে বেশি ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আমি এবং আমার পরিবার চকরিয়া-পেকুয়ার জনসাধারণের কাছে আজীবন কৃতজ্ঞ।’
গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আশ্বাস দিয়ে বলেন, ‘আমি সেই স্বপ্ন দেখি না, যে স্বপ্ন বাস্তবায়ন করতে পারব না। মানুষ বিশ্বাস করে আগামী দিনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে। আর সরকার গঠন করলে অবশ্যই কক্সবাজারের উন্নয়ন অগ্রাধিকারে থাকবে।’


