নারায়ণগঞ্জের বিসিক শিল্প নগরীর একটি কারখানায় বিস্ফোরণে ৬ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে এম এস ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং নামে ওই কারখানায় বিস্ফোরণ ঘটে।
গুরুতর অবস্থায় দগ্ধ শ্রমিকদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন-আল আমিন (৩০), আজিজুল্লাহ (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) ও কারখানার সিকিউরিটি গার্ড সুপারভাইজার নুর মোহাম্মদ (৩৫)।
কারখানার শ্রমিকরা জানান, নিচ তলায় বয়লার রুমে তারা কাজ করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে সেই রুমে গ্যাস লাইন থেকে বিকট বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে উঠে। এতে ছয় জনের শরীর ঝলসে যায়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ছয় জনের মধ্যে দুই জন আইসিইউতে আর ৩ জনকে ওয়ার্ডে ভর্তি রাখা রয়েছে। আইসিইউতে থাকা ২ জনের অবস্থায় আশঙ্কাজনক। আর শরীরের ২ শতাংশ পুড়ে যাওয়া ১ জনকে অবজারভেশনে রাখা হয়েছে। চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হবে।


