কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় মো. খালিদ বিন ওয়ালিদ (৮) নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার বিকালে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালিদ বদরখালী ইউনিয়নের তেচ্ছিপাড়ার বাসিন্দা আমানুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুতুবদিয়া উপজেলা থেকে চকরিয়ার মগনামা ঘাট হয়ে মহেশখালী উপজেলায় ফেরার পথে সংসদ সদস্যের গাড়িবহরটি বদরখালীর আহমদ কবিরের ঘাট এলাকা অতিক্রম করছিল। এ সময় বহরের তৃতীয় গাড়িটি শিশুটিকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ক্ষুব্ধ জনতা গাড়িবহরের কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং স্থানীয়দের সহায়তায় সংসদ সদস্যসহ বহরের অন্য সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
তিনি বলেন, নিহত শিশুর মরদেহ বদরখালী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


