কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গাসহ দুই জনকে মৃত্যুদণ্ড এবং দুই রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও একজনকে খালাস দেওয়া হয়েছে।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান মঙ্গলবার বিকেলে এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) সিরাজুল ইসলাম।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের নূর মোস্তফা এবং কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার সোনা মিয়া।
আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত খুইল্লা মিয়ার ছেলে আবদুল গফুর (৩৫) ও মৃত মোহাম্মদ আলমের ছেলে মো. আইয়ুব প্রকাশ তৈয়ব। আর খালাসপ্রাপ্ত আসামি হলেন রামু উপজেলার রাজারকুল এলাকার মো. ইসলামের ছেলে আবদুর রহমান।
পিপি সিরাজুল ইসলাম জানান, ২০২০ সালের ২ মার্চ কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার ইয়াবা ও একটি মাইক্রোবাসসহ পাঁচজনকে আটক করে।
এ ঘটনায় ডিবির তৎকালীন পুলিশ পরিদর্শক মিজানুর রহমান রামু থানায় মামলা দায়ের করেন। পরে পাঁচজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একই বছরের সেপ্টেম্বরে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্র গ্রহণের পর আদালত বিচার শুরু করে। সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন শেষে মঙ্গলবারের রায়ে একজনকে খালাস, দুইজনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।
পিপি জানান, মামলার বিচার চলাকালে পাঁচ আসামির সবাই বিভিন্ন সময়ে জামিনে ছিলেন। এর মধ্যে চারজনই পালিয়ে যান। রায় ঘোষণার সময় শুধু খালাসপ্রাপ্ত আসামি আবদুর রহমান আদালতে উপস্থিত ছিলেন। অন্য চারজন এখনও পলাতক রয়েছেন।


