ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি অভ্যুত্থানের বুকে আঘাত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের ভয় দেখাতেই এই হামলা চালানো হয়েছে।
শুক্রবার রাতে পঞ্চগড়ে শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এনসিপির এই নেতা বলেন, ‘চব্বিশের অভ্যুত্থানের পরে এ বছরের ১২ ডিসেম্বরে দাঁড়িয়ে শরিফ ওসমান হাদির মাথায় যে গুলিটি করা হয়েছে, তা শুধু তাকে হত্যার উদ্দেশ্যে নয়, এই বুলেট বাংলাদেশের ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া সেই অভ্যুত্থানের বুকে নিক্ষিপ্ত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘যারা ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলে, তাদের ভয় দেখানোর উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।’
বক্তব্যে সারজিস অভিযোগ করেন, ‘অভ্যুত্থান-পরবর্তী এক বছরে দেশের পরিবর্তনের দায়িত্বে থাকা বিভিন্ন স্তরের ব্যক্তিরা ফ্যাসিস্টদের সুযোগ করে দিচ্ছেন। এই গুলির মাধ্যমে যারা বাংলাদেশে তারা ষড়যন্ত্র করতে চাইছে, গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে চাইছে, নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতি বানচাল করতে চাইছে। তাদের এজেন্টদের খেলাই হচ্ছে এটি। হাদিকে গুলি করার মাধ্যমে সেই খেলার নতুন অধ্যায় শুরু হলো।’
‘আমাদের সামনে শুধু নির্বাচনী লড়াই নয়, বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই। যারা আবার বাংলাদেশকে ধ্বংসের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ বলেন তিনি।
দেশে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে গত কয়েক মাসে সীমান্ত দিয়ে পরিকল্পিতভাবে অনেককে অনুপ্রবেশ করানো হয়েছে বলে দাবি করেন এনসিপির এই নেতা।
তিনি বলেন, ‘জুলাইয়ে যারা রক্ত ও জীবন দিয়ে লড়াই করেছিলেন, আবার সংকট এলে তারা একত্র হবেন। এ কারণেই আমাদের ঐক্য নষ্ট করার চেষ্টা চলছে। আগামীর বাংলাদেশে সকল আওয়ামী সন্ত্রাসী ও নাশকতাকারীদের গ্রেপ্তারের জন্য মাঠে নামাই এখন একমাত্র কাজ।’
স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে সারজিস বলেন, ‘খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয়। দিনে এক কথা, রাতে আরেক কথা বললে কখনোই সুষ্ঠু নির্বাচন করা যাবে না। আমরা বাংলাদেশে স্থিতিশীলতা, শান্তি ও গণতান্ত্রিক উত্তরণ চাই। এ জন্য শক্ত সিদ্ধান্ত নেওয়া জরুরি।’
শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বের হওয়ার পর রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনের মুখপাত্র। তার পুরো নাম শরিফ ওসমান হাদি হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ওসমান হাদি নামে পরিচিত।


