বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিরোধী দল ওয়াকআউট করতে চাইলে তারা তা করতে পারে, সংসদের সংস্কৃতিতে সেটি স্বীকৃত অধিকার।
বুধবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।
গণভোট সংস্কার প্রস্তাব ও সংবিধান পরিষদ গঠন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন থেকে ওয়াকআউট করেন। এর আগে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ওয়াকআউটের ঘোষণা দেন।
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেতা ওয়াকআউট করতে চেয়েছেন, সংসদের চর্চায় সেটি তাদের অধিকার। তবে যে বক্তব্যগুলো রেকর্ড হয়েছে, তার বিপরীতে আমাদের বক্তব্যও এক-দুই মিনিট রেকর্ডে থাকা প্রয়োজন।
তিনি বলেন, ডেপুটি স্পিকারের সভাপতিত্বে মূলতবি প্রস্তাবটি গ্রহণ করা হয়েছিল এবং সে সময় তিনি আপত্তি তুলেছিলেন। বিধি ৬৮ অনুযায়ী যেসব বিষয় আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে, সেগুলো মূলতবি প্রস্তাবে আলোচনার বিধান নেই।
‘এটি হাউসের উদারতা যে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে আলোচনার জন্য তোলা হয়েছে এবং দুই ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছে,’ তিনি বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আলোচনার পর এ ধরনের প্রস্তাবে ভোটাভুটির বিধান নেই। কেবল প্রস্তাব উত্থাপিত হবে কি না, সে বিষয়ে ভোট হতে পারে।
তিনি আরও বলেন, স্পিকারের এখতিয়ার রয়েছে কোনো মূলতবি প্রস্তাব গ্রহণ বা বাতিল করার। ব্রিটিশ পার্লামেন্টের নজির অনুযায়ী, বিরোধী সদস্যরা অনেক সময় সরকারি কাজ স্থগিত করতে এ ধরনের প্রস্তাব তোলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনো মূলতবি প্রস্তাব এখানে রিড আউট করিনি। বিরোধী দলের নেতা যা বলেছেন তা সঠিক নয়।’
তিনি আরও বলেন, একই বিষয়ে বিরোধী দলের নেতার প্রস্তাব গ্রহণ করা হলে অন্য সদস্যের উত্থাপিত প্রস্তাবও বিবেচনার বিষয় হয়ে দাঁড়ায়।


