ওমানের দুকুম সিদরা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। এজন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা প্রত্যাশা করছেন তারা।
ঘটনার প্রত্যক্ষদর্শী শিপন ও সজীব চৌধুরী নামে দুই প্রবাসী জানান, ওমানের স্থানীয় সময় বুধবার বিকেল ৩টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিট) সাগরে মাছ ধরে ফেরার পথে দ্রুতগতিতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাতজন মারা যান। তাদের মরদেহ বর্তমানে দুকুম হাসপাতালের মর্গে রাখা আছে।
নিহতরা হলেন, সারিকাইত ইউনিয়নের মোহাম্মদ আমিন সওদাগর, আরজু, মোহাম্মদ বাবলু, সাহাব উদ্দিন, মোহাম্মদ রকি এবং মাইটভাংগা ইউনিয়নের জুয়েল এবং সন্দ্বীপ পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডের মোহাম্মদ রনি।
নিহত সাহাব উদ্দীনের মামাতো ভাই আরিয়ান আহমেদ জাবেদ টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘গাড়ির ড্রাইভার কোনোভাবে এ দুর্ঘটনা থেকে বেঁচে যান এবং তিনিই স্থানীয় প্রবাসীদের খবর দেন। তারপর তারা দেশে ফোন করে খবরটি জানান।’
নিহত জুয়েলের বাবা জামাল উদ্দীন সরকারের কাছে মরদেহগুলো দ্রুত দেশে ফেরত আনার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমার ছেলেটা অনেক কষ্ট করে বিদেশে গিয়েছিল পরিবারের জন্য। এখন শুধু চাই, ওর মরদেহটা যেন দেশে ফিরিয়ে আনা হয়, যেন শেষবার মুখটা দেখতে পারি।’


