ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আসছে শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’। সোমবার (১ ডিসেম্বর) আইস্কিন জানিয়েছে ছবিটি তাদের প্ল্যাটফর্মে ৪ ডিসেম্বর থেকে দেখা যাবে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমাটি গেল ঈদুল ফিতরে বড়পর্দায় মুক্তি পেয়েছিল।
ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান, অন্তরাত্মা হলো প্রেম-ভালোবাসা ও ষড়যন্ত্রে ঘেরা এক সিনেমা। এর কাহিনি লিখেছেন প্রযোজক সোহানী হোসেন, যিনি আগে ‘সত্তা’ সিনেমা প্রযোজনা করেছিলেন। চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ।
এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা দর্শনা বণিক। এছাড়াও অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, আল মামুন, এস এম মহসিন, ঝুনা চৌধুরী, মাসুম বাশার প্রমুখ।
সিনেমার সংগীতে রয়েছে একাধিক শ্রোতাপ্রিয় গান। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন নটিয়ালের কণ্ঠে ‘অন্তরাত্মা’র টাইটেল গান। এ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর-সংগীত করেছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। এ গান দিয়েই দ্বিতীয়বারের মতো বাংলাদেশি সিনেমায় কণ্ঠ দিলেন জুবিন নটিয়াল।


