অবৈধ সব ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিজ্ঞাপন, সাইনবোর্ড ও নির্বাচনী প্রচারপত্র ইত্যাদি নিজ উদ্যোগে অপসারণের জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসি জানিয়েছে, পোস্টার, ব্যানার না সরালেসংশ্লিষ্ট সংগঠন, ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার প্রকাশিত এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসসিসি এলাকায় সম্প্রতি কর্পোরেশনের অনুমতি ছাড়া বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন, পোস্টার এবং ব্যক্তি মালিকানাধীন স্থাপনায় বিজ্ঞাপন, সাইনবোর্ড ও নির্বাচনী প্রচারণার প্রচারপত্র ইত্যাদি লাগানো হয়েছে। যা দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইনের পরিপন্থী।
এতে বলা হয়, একটি পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়ে তোলার লক্ষ্যে ডিএসসিসি এলাকার অনুমতিহীন সব ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিজ্ঞাপন, সাইনবোর্ড ও নির্বাচনী প্রচারপত্র ইত্যাদি নিজ উদ্যোগে সরানোর জন্য সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অনুরোধ করা হলো।
না সরালে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
অন্যদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও (ডিএনসিসি) অবৈধভাবে স্থাপন করা ব্যানার, পোস্টার সরানো শুরু করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।


