জুলাই জাতীয় সনদে স্বাক্ষর না করার কারণ জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে স্মারকলিপি দিয়েছে চারটি বামপন্থী দল। দলগুলো হলো-সিপিবি, বাসদ, বাসদ (মার্কসবাদী), বাংলাদেশ জাসদ।
সোমবার ঐকমত্য কমিশনের সভাপতি মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দেয় দল চারটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চারটি বামদলের পক্ষে সিপিবি সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন ও বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে দল চারটি কেন জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর করেনি সে বিষয়টি বর্ণনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এ আগে গত বৃহস্পতিবার জুলাই সনদে যথাযথ মর্যাদায় স্বাধীনতার ঘোষণাপত্র ও স্বাধীনতার ইশতেহার উপেক্ষিত করার অভিযোগে শুক্রবারের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেয়।
এর আগে গণফোরাম জানায়, ১৯৭১ সালের ২৬ মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত টেলিগ্রাম এবং ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র জুলাই সনদে অন্তর্ভুক্ত থাকবে। এটি নিশ্চিত করা না হলে তারা স্বাক্ষর করবে না। পরে অবশ্য জুলাই সনদে স্বাক্ষর করে দলটি।


