এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগীভাবে আয়োজনের জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সকালে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সভায় মন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো পুনরায় তদন্ত করে হালনাগাদ তালিকা প্রণয়নের নির্দেশ দেন। পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম ও নকল প্রতিরোধে কঠোর অবস্থান নেওয়া হবে বলে জানান তিনি।
ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকল ঠেকাতে প্রয়োজনীয় আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথভাবে বডি সার্চ নিশ্চিত করতে হবে। শিক্ষকদের সক্রিয় ভূমিকার মাধ্যমে নকল প্রতিরোধ জোরদারের ওপরও জোর দেন তিনি।
পরীক্ষা চলাকালে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন বা প্রশ্নসংক্রান্ত কোনো কনটেন্ট আপলোড হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ‘মেধাভিত্তিক জাতি গঠনের জন্য পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। অটোপাশের আর কোনো সুযোগ দেওয়া হবে না।’
প্র্যাকটিক্যাল পরীক্ষায় গড় নম্বর দেওয়ার প্রচলিত প্রথা থেকে সরে এসে প্রকৃত মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলেও জানান মন্ত্রী।
নকল প্রতিরোধে দেশব্যাপী বিভিন্ন জেলায় মোটিভেশনাল সভা আয়োজন করা হবে বলে সভায় উল্লেখ করা হয়।
এ ছাড়া যেসব জেলায় জিলা স্কুল নেই সেখানে জিলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। এসব জিলা স্কুল প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উচ্চমাধ্যমিক স্কুলের আদলে পরিচালিত হবে বলে জানান তিনি। এর মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী ও সমন্বিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়।
সভায় এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয় এবং সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


