বরিশালের উজিরপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রোকসোনা ইয়াসমিন (৬৩) ও আরফা (৭)। তাদের বাড়ি উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকায়। রোকসানার স্বামী কাজী পান্নু মিয়া আগেই মারা গেছেন।
অন্যদিকে, শিশু আরফা পশ্চিম জয়শ্রী সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। ঘটনার দিন ক্লাস শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয়। তার বাবা রুবেল কাজী মালয়েশিয়া প্রবাসী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে থাকায় রাস্তা পারাপারের ওই বৃদ্ধা ও শিশুটিকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে উজিরপুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ বিষয়ে হাইওয়ে থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


