‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার জন্য দুবাইয়ে অনুষ্ঠিত সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডসে (এসআইআইএমএ) পাঁচটি বড় পুরস্কার জিতেছে টিম পুষ্পা। আর সেই পুরস্কার জেতার পরই পরিচালক সুকুমার নিশ্চিত করেছেন যে সিনেমার তৃতীয় ভাগ অর্থাৎ, ‘পুষ্পা ৩: দ্য র্যাম্পেজ’ অবশ্যই তৈরি করা হবে।
দুবাইয়ের অনুষ্ঠানে সুকুমার ছাড়াও উপস্থিত ছিলেন প্রধান অভিনেতা আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, সংগীত সুরকার দেবী শ্রী প্রসাদ এবং প্রযোজক নবীন ইয়ারনেনি।
পুরস্কার নিতে মঞ্চে ওঠা অভিনেতাদের উদ্দেশে সঞ্চালক প্রশ্ন করেন, ‘পার্টি হবে পুষ্পা?’ যা ফাওয়াদ ফাসিলের চরিত্র ভানওয়ারসিং সেখাওয়াত-এর বিখ্যাত সংলাপকে মনে করিয়ে দেয়।
এরপর সঞ্চালক সুকুমারের কাছে জানতে চান যে, ‘পুষ্পা ৩’ তৈরি হবে নাকি বাতিল করা হবে? প্রশ্নের জবাবে সুকুমার প্রযোজকের দিকে তাকান।
অবশ্য পুরস্কার পাওয়ার পর ঠিকই জবাব দেন তারা। আর সেই জবাবটি হলো, ‘অবশ্যই আমরা পুষ্পা ৩ তৈরি করছি।’
এই ঘোষণা শুনে সঞ্চালকের পাশাপাশি দর্শকরাও দারুণ উল্লাস করেন।
এসআইআইএমএ-তে আল্লু অর্জুন সেরা অভিনেতা, রাশমিকা মান্দানা সেরা অভিনেত্রী, সুকুমার সেরা পরিচালক, দেবী সেরা সঙ্গীত পরিচালক এবং পিলিং গানের জন্য শঙ্করবাবু সেরা প্লেব্যাক শিল্পীর পুরস্কার পান।
খবরটি শেয়ার করে আল্লু অর্জুন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ধন্যবাদ এসআইআইএমএ, ক্রমাগত ভালবাসা ও স্বীকৃতির জন্য। পরপর তিনটি এসআইআইএমএ পুরস্কার জেতা সত্যিই একটি সম্মানের ব্যাপার। সকল বিজয়ী ও মনোনীতদের অভিনন্দন। এই কৃতিত্ব আমার পরিচালকের জন্য। প্রতিটা শিল্পী, আমার টেকনিশিয়ান, আমার প্রযোজক এবং ‘পুষ্পা’র পুরো ক্রু এবং আমি এসব পুরস্কার আমার ভক্তদের উৎসর্গ করছি…অবিচল ভালবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞ।’


