চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগে সংঘটিত সহিংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার রাতে এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রাথমিক তদন্তে জানা গেছে, এরশাদ উল্লাহ হামলার মূল লক্ষ্য ছিলেন না। একটি ছোড়া গুলি বিপথে গিয়ে তাকে আঘাত করে। সরকার তার দ্রুত আরোগ্য কামনা করেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে।
সরকার জানিয়েছে, এই অপরাধমূলক ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সব প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা ও অধিকারের সুরক্ষায় সরকারের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে এবং দ্রুত বিচারের মুখোমুখি করতে।
তিনি বলেন, ‘সহিংসতা ও ভয়ভীতি কোনোভাবেই আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনে স্থান পাবে না। সিএমপি ইতোমধ্যে হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে।’
অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে শান্ত থাকা, সংযম প্রদর্শন করা এবং ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও ন্যায়সংগত পরিবেশে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য।
সরকার আশ্বস্ত করেছে যে মুক্ত, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।


