অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এবার লন্ডনে হেনস্তার চেষ্টা করা হয়েছে।
শুক্রবার ইউনিভার্সিটি অব লন্ডন-এর স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে তার গাড়ি লক্ষ্য করে ডিম ছোঁড়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা।
যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন ফেসবুক পোস্টে এসব কথা জানান।
পোস্টে তিনি লিখেছেন, শুক্রবার মাহফুজ আলম লন্ডনে দুটো অনুষ্ঠানে অংশ নেন। প্রথম অনুষ্ঠানটি ছিল বিকেল চারটায়। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজ (সোয়াস) এবং বাংলাদেশ দূতাবাস যৌথভাবে এটি আয়োজন করে। উপদেষ্টা মাহফুজ আলম নির্ধারিত সময়ে অনুষ্ঠানে যোগ দিতে গেলে আওয়ামী লীগের ১৮ জন কর্মী সোয়াসের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।

এরপর তিনি লিখেছেন, পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থায় যদিও অনুষ্ঠানস্থলে আসতে উপদেষ্টার গাড়ির কোনো সমস্যা হয়নি। কিন্তু মাহফুজ আলম এবং দূতাবাসের কর্মকর্তারা ভেতরে প্রবেশের পর পার্কিং এরিয়াতে অপেক্ষমান গাড়ির ওপর ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগ কর্মীরা।
অনুষ্ঠান শেষে তথ্য উপদেষ্টা এবং হাইকমিশনের কর্মকর্তারা একাধিক গাড়িতে করে সোয়াস ক্যাম্পাস ত্যাগ করার পর বাংলাদেশ দূতাবাসের দুটি খালি গাড়ি বের হতে গেলে কয়েকজন আওয়ামী লীগ কর্মী রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের সরিয়ে দেয়।
এদিন সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ দূতাবাসে একটি মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন উপদেষ্টা মাহফুজ আলম। সে অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ছাত্র এবং সাংবাদিকরা ছিলেন।
এর আগে, ২৪ আগস্ট রাতে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা করা হয়েছিল। সেদিন একদল লোক ‘জয় বাংলা’, ‘জয় আওয়ামী লীগ’ স্লোগান দিয়ে উপদেষ্টার ওপর হামলার চেষ্টা করেন। তারা তখনও ডিম ছোঁড়েন। তখন ধাক্কাধাক্কিতে কনস্যুলেটের কাঁচ ভেঙে যায়। এ সময় কড়া নিরাপত্তায় উপদেষ্টাকে সরিয়ে নেওয়া হয়।


