চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বিএনপি, জামায়াত ও দল দুটির অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দলের দেড় শতাধিক নেতাকর্মী। তাদের আনুষ্ঠানিক যোগদান উপলক্ষে আগামী বৃহস্পতিবার এক বিশেষ আয়োজনের ব্যবস্থা করেছে এনসিপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিভিন্ন দল থেকে এনসিপিতে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা নেতাকর্মীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তিনি।
জানা গেছে, চট্টগ্রাম মহানগর এনসিপির উদ্যোগে নগরের চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই গণঅভ্যুত্থান হলে বৃহস্পতিবার বিকাল ৩টায় এ অনুষ্ঠান হবে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।
একাধিক দলীয় সূত্রে জানা গেছে- বিএনপি, জামায়াত, গণঅধিকার, আপ বাংলাদেশ, জুলাই ওয়ারিয়র্সসহ একাধিক রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের সাবেক-বর্তমান নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনীতিবিদ, তরুণ আইনজীবী, সাংবাদিক, কর্মজীবী, শিক্ষাবিদ ও চিকিৎসক এনসিপিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমও এনসিপিতে যোগ দিচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। তবে এ বিষয়ে দলীয় নেতারা সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক এবং চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক মো. জোবাইরুল হাসান আরিফ জানান, এনসিপিতে যোগ দেওয়ার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমকে আমন্ত্রণ জানানো হয়েছে।অন্যদিকে, জাতীয় যুবশক্তি চট্টগ্রাম মহানগরের সিনিয়র সদস্য সচিব হুজ্জাতুল ইসলাম সাঈদ জানিয়েছেন, সাবেক মেয়র মনজুর আলমের এনসিপিতে যোগ দেওয়ার সম্ভাবনা নেই।
আসন্ন এই যোগদান অনুষ্ঠানকে কেন্দ্র করে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


