চাপের কারণে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশন (ইসি) সাহস পাচ্ছে না বলে মন্তব্য করেছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, ‘আইনি বাধা না থাকলেও কোনো চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে সাহস পাচ্ছে না নির্বাচন কমিশন। তারা শাপলা প্রতীক দিয়ে এটুকু সাহস দেখাতে পারছে না। আমরা মনে করি, এটা ইসির ব্যর্থতা।’
বৃহস্পতিবার দুপুরে এনসিপির মৌলভীবাজার জেলা ও উপজেলা কমিটির সমন্বয়ক সভা শেষে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘আমরা ইতোমধ্যে পুনরায় আবেদন করেছি। তারা আমাদের জানিয়েছে গেজেটে “শাপলা প্রতীক” সংযুক্ত করা নেই। অথচ আমরা যেদিন আবেদন করেছি, সেদিন থেকে ইসির এই কাজের প্রক্রিয়ায় যাওয়ার কথা ছিল। কারণ, যেহেতু আমরা শাপলা চেয়েছি।’
নিউইয়র্কে আওয়ামী লীগের হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে, তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিল। এটা সরকার নেয়নি, এটা গাফিলতি। এর দায় সরকারকে স্বীকার করতে হবে।’
আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে (জাপা) ফ্যাসিস্ট দল উল্লেখ করে সারজিস বলেন, ‘এই দলগুলো ভবিষ্যতের কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। তাদের নিষিদ্ধ করতে হবে ও দলের বিচার করতে হবে।’
এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলমের সভাপতিত্বে সমন্বয়ক সভায় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক এহতেসামুল হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশসহ অন্যরা।


