জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৯ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) শুল্ক-২ শাখা থেকে জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন আইআরডি সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
সাময়িক বরখাস্ত কর কর্মকর্তারা হলেন: ঢাকা কর অঞ্চল-২ এর বিভাগীয় প্রতিনিধি (যুগ্ম কর কমিশনার) মাসুমা খাতুন, কর অঞ্চল-১৫ এর যুগ্ম কর কমিশনার মুরাদ আহমেদ, কর অঞ্চল-কুষ্টিয়ার যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান, কর অঞ্চল-নোয়াখালীর যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা, কর অঞ্চল-কক্সবাজারের যুগ্ম কর কমিশনার মোঃ আশরাফুল আলম প্রধান, কর অঞ্চল-খুলনার উপ কর কমিশনার মোহাম্মদ শিহাবুল ইসলাম, কর অঞ্চল-রংপুরের উপ কর কমিশনার মোসা: নুশরাত জাহান শমী, কর অঞ্চল-কুমিল্লার উপ কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব তানজিনা রইস।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের স্বাক্ষরে ও জনস্বার্থে জারি করা প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, এনবিআরের ২২ জুনের বদলি আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় সংশ্লিষ্ট ৯ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (১) ধারা অনুযায়ী, তাদেরকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে নিয়োগ দিয়ে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
এর আগে ২৪ জুন আগারগাঁওয়ে এনবিআর ভবনে দুটি বদলি আদেশকে ‘প্রতিহিংসামূলক’ ও ‘নিপীড়নের উদ্দেশ্যে জারি’ বলে উল্লেখ করে তা প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন রাজস্ব কর্মকর্তারা, যা পরে ব্যাপক আলোচনা ও নিন্দার জন্ম দেয়।


