সিরিজ জয় নিশ্চিত হয়েছে এক ম্যাচ আগেই। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশের অনন্য এক সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
এই ম্যাচে বাংলাদেশের একাদশে মোট পাঁচটি বদলে এসেছে। বিশ্রাম দেয়া হয়েছে পারভেজ ইমন, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানকে। একাদশে এসেছেন তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।
হোয়াইটওয়াশ ঠেকানোর ম্যাচে একাদশে দুটি বদল এনেছে পাকিস্তান। ওপেনার ফখর জামানকে বসিয়ে নেয়া হয়েছে সাহিবজাদা ফারহানকে। খুশদিল শাহর বদলে একাদশে এসেছেন হুসাইন তালাত।
সিরিজের প্রথম ম্যাচে ২৭ বল হাতে রেখে পাকিস্তানের দেয়া ১১০ রানের লক্ষ্য টপকে যায় বাংলাদেশ। বাংলাদেশকে ৭ উইকেটে জেতানোর সেই ম্যাচে দারুণ এক ফিফটি করেন পারভেজ হোসেন ইমন। সিরিজ নিশ্চিত করার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ রানের এক রুদ্ধশ্বাস জয় পায় বাংলাদেশ। মিরপুরের ট্রিকি উইকেটে ৪৮ বলে ৫৫ রানের ইনিংসে ১৩৩ রানের সংগ্রহ নিয়েও ম্যাচ জিতে যায় বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, জাকের আলী অনিক, শেখ মাহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, আগা সালমান (অধিনায়ক),মোহাম্মদ নওয়াজ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।


