একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি নেতাকর্মীদের সাবধান করে বলেছেন, একটি দল যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, হত্যা করেছিল মানুষদের। সেই দলটি আজ আবার চক্রান্ত করছে নির্বাচন বানচাল করে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। তাই এখন প্রয়োজন নেতৃত্ব এবং সেই নেতৃত্ব হচ্ছে তারেক রহমানের নেতৃত্ব, অন্য কোন নেতৃত্ব নেই।
শুক্রবার রাতে রংপুর জেলার কালেক্টরেট ঈদগাহ মাঠে এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তারেক রহমানকে ‘ভাবী’ প্রধানমন্ত্রী উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তিনি আগামী দিনগুলোতে বাংলাদেশকে একটা উন্নত দেশে পরিণত করবেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ধ্বংস করে যাওয়া বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন মানুষকে সঙ্গে নিয়ে। জিয়াউর রহমানের পুত্র, গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান এখন আমাদের দিশারী, আমাদের কান্ডারি।’
তিনি আরও বলেন, ‘তিনি (তারেক রহমান) আমাদের পথ দেখাবেন, পথ দেখিয়েছেন। তিনি নির্বাসিত অবস্থা থেকে ফিরে এসে আমাদেরকে প্রথম যে কথা বলেছেন যে, আই হ্যাভ এ প্ল্যান… আমার একটা পরিকল্পনা আছে।’
‘ওই পরিকল্পনা তিনি আপনাদের (রংপুরবাসীর) সামনে বলবেন। সারা বাংলাদেশ আজকে তার সেই পরিকল্পনা গ্রহণ করেছে। আমরা এখন অপেক্ষা করে আছি ১২ তারিখে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ নতুন নেতাকে এই বাংলাদেশের নেতৃত্ব দেবে।’
রংপুর মহানগর আহ্বায়ক শামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও মহানগর সদস্য সচিব মাহফুজ উন নবী ডনের সঞ্চালনা সমাবেশ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ রংপুর বিভাগের ৩৩ আসনের প্রার্থীসহ মহানগর ও জেলা নেতারা বক্তব্য দেন।


