সন্দ্বীপসহ উপকূলীয় অঞ্চলের সুরক্ষা ও উন্নয়নে সরকার বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ‘সন্দ্বীপের এপ্রিল ট্র্যাজেডি: উপকূল বাঁচাতে এখনই সিদ্ধান্ত’ শীর্ষক এক উপকূলীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘আমরা সন্দ্বীপবাসী’ ও ‘হিউম্যান ২৪’ এই সংলাপের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, ‘সস্তা জনপ্রিয়তার জন্য অবাস্তব প্রতিশ্রুতি না দিয়ে সরকার নদী ভাঙন থেকে মানুষকে বাঁচাতে একটি কার্যকর ‘সেফটি নেট’ তৈরির চেষ্টা করছে।
তিনি উল্লেখ করেন, উপকূলীয় বাঁধ নির্মাণ অত্যন্ত ব্যয়বহুল এবং বিগত ১৭ বছরে সম্পদ পাচারের কারণে প্রয়োজনীয় তহবিলের সংকট রয়েছে। এই পরিস্থিতিতে আপাতত নিবিড় বনায়ন কর্মসূচির ওপর জোর দেওয়া হচ্ছে।
সন্দ্বীপের জন্য ইউনিয়নভিত্তিক একটি বৃক্ষরোপণ পরিকল্পনা ইতোমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেওয়া হয়েছে, যার সুফল আগামী এক-দেড় বছরে পাওয়া যাবে বলে তিনি আশা করেন।
সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের নৌ-যোগাযোগের দুর্ভোগ লাঘবে নৌ ও সেতু প্রতিমন্ত্রীর সঙ্গে সমন্বয় করে দ্রুত সন্দ্বীপ সফরের ঘোষণা দেন মীর হেলাল।
তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য মূল ভূখণ্ডের সাথে সন্দ্বীপের ২৪ ঘণ্টা নিরাপদ যোগাযোগ নিশ্চিত করা।’ এ ছাড়া, আগামী কয়েক দিনের মধ্যে ঘাটের ভাড়ার সমস্যা সমাধানেরও আশ্বাস দেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, সন্দ্বীপে পর্যায়ক্রমে ভূমি জরিপ (ল্যান্ড সার্ভে) শুরু করা হবে। এ ছাড়া, ভাসানচরের সীমানা নির্ধারণে পিলার স্থাপনের কাজ শেষ হয়েছে এবং খাজনা আদায়ের সমস্যা নিরসনেও দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অবৈধভাবে বালু বা মাটি কাটার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারি সম্পদের অপচয় আর হতে দেওয়া হবে না। একই সঙ্গে কর্মস্থলে চিকিৎসক ও শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
অনুষ্ঠান চলাকালীন তিনি সন্দ্বীপের বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও ইউএনও’র সঙ্গে ফোনে কথা বলে তাৎক্ষণিক নির্দেশনা দেন।
চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক সালেহ নোমানের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দীন শিকদার এবং সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের।
এ ছাড়া, বিভিন্ন বিশেষজ্ঞ আলোচক, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং সন্দ্বীপের নাগরিক সমাজের নেতারা সভায় তাদের দাবি ও সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানটিতে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইপসা’।


