রাজধানীর উত্তরা এলাকা থেকে বিপুল পরিমাণ কেটামিন জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় চীনের তিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতে ঢাকার উত্তরার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইয়াং চুংসেন, ইউ জি এবং লি বিন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান সাংবাদিকদের জানান, গ্রেপ্তার হওয়া চীনা নাগরিকেরা যে ফ্ল্যাটে বসবাস করতেন, সেখানে একটি কক্ষকে অস্থায়ী ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ওই ল্যাবে তরল কেটামিনকে বিশেষ প্রক্রিয়ায় পাউডারে রূপান্তর করে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শ্রীলঙ্কায় পাচার করা হচ্ছিল।
তিনি আরও জানান, পাচারের ক্ষেত্রে কৌশল হিসেবে স্পিকারের ভেতরে বিশেষভাবে কেটামিন লুকিয়ে পাঠানো হতো।
ডিএনসি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের ডিপো থেকে ৫০ গ্রাম কেটামিন উদ্ধার করা হয়। পরে সিসিটিভি ফুটেজ, পার্সেলে উল্লেখিত মোবাইল নম্বর এবং অন্যান্য গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অভিযুক্ত তিন চীনা নাগরিককে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় জড়িত আরও ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিএনসি।


