‘নির্বাচন সিস্টেমের’ উপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তিনি বলেন, ‘যখন একটা দেশে রাষ্ট্র সরকার দল এক হয়ে যায়; তখন সবকিছু একসঙ্গে ধসে পরে।’
শনিবার সকালে রংপুরে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সিইসি আরো বলেন, ‘দেশের এই অবস্থায় আগামী নির্বাচনে আইনশৃঙ্খলা একটা বড় চ্যালেঞ্জ; নির্বাচনের সময় ঘনিয়ে আসলে এই অবস্থার উন্নতি হবে।’
তিনি বলেন, ‘এআইয়ের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে; এটা মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে।’
‘গত নির্বাচনে যেসব প্রিজাডিং অফিসার সমস্যা তৈরি করেছে; তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন’, উল্লেখ করেন সিইসি।
নিরপেক্ষতার প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কারো পক্ষে ও বিপক্ষে কাজ করবে না; ১৮ কোটি মানুষের হয়ে কাজ করবে। ভোট দেওয়া যেমন নাগরিক দায়িত্ব; তেমন ইমানি দায়িত্বও বটে।‘
তিনি বলেন, ‘আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দর ভাবে পরিচালনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’


