উচ্চশিক্ষায় শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর উদ্যোগ ইউজিসির

উচ্চশিক্ষায় শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর উদ্যোগ ইউজিসির
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তব ও কর্মমুখী করতে এপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য আব্দুল্লাহ-আল-মামুন।

তিনি বলেন, বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপনের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হবে। এতে শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা লাভের সুযোগ পাবে এবং কর্মজীবনে প্রবেশ সহজ হবে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ‘শিক্ষা-শিল্পের ঐকতান, কর্মসংস্থানের সমাধান’ শীর্ষক মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আবুল হাসনাত মোহা. শামীমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. এ কে এম মতিনুর রহমান।

আরও পড়ুন

আব্দুল্লাহ-আল-মামুন বলেন, উদ্ভাবন, গবেষণা ও দক্ষ মানবসম্পদ গঠনে সরকার গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সহযোগিতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তিনি শিক্ষার্থীদের দক্ষতা অর্জন ও নতুন জ্ঞান অনুসন্ধানে আগ্রহী হওয়ার আহ্বান জানান।

শিক্ষা খাতে সামাজিক ও ভৌগোলিক বৈষম্য দূর করার বিষয়েও গুরুত্বারোপ করেন ইউজিসির এ সদস্য। তিনি বলেন, শিক্ষা কোনো ধনিক শ্রেণির একচেটিয়া অধিকার নয়। ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। অনগ্রসর অঞ্চলের মানুষের দোরগোড়ায় শিক্ষার সুযোগ পৌঁছে দেওয়া এবং সুপ্ত প্রতিভা বিকাশে উপযুক্ত পরিবেশ তৈরিতে ইউজিসি কাজ করবে।

সভাপতির বক্তব্যে উপাচার্য আবুল হাসনাত মোহা. শামীম শিক্ষা ও শিল্পখাতের মধ্যকার ব্যবধান কমিয়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, বাস্তবমুখী শিক্ষা ও দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে বেকারত্ব সমস্যার সমাধান সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad