বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়াকে নিয়ে বহুদিন ধরেই সমালোচনা করছেন টেসলা, এক্সের (সাবেক টুইটার) মালিক ও স্টারলিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। সেই অসন্তোষ থেকেই এবার নতুন পদক্ষেপ নিয়েছেন তিনি।
পিসিম্যাগ ডটকমের তথ্যে জানা গেছে, মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সএআই কাজ শুরু করেছে নতুন একটি অনলাইন এনসাইক্লোপিডিয়া তৈরির, যার নাম হবে ‘গ্রোকিপিডিয়া’।
মাস্কের দাবি, এই প্ল্যাটফর্ম হবে উইকিপিডিয়ার চেয়ে অনেক বেশি উন্নত, যেখানে উপস্থাপন করা হবে কেবল যাচাইযোগ্য সত্য ও নিরপেক্ষ তথ্য।
সম্প্রতি এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক জানান, এক্সএআই ‘গ্রোকিপিডিয়া’ তৈরির কাজ করছে। এটি হবে তার তৈরি চ্যাটবট গ্রোক-এর ওপর ভিত্তি করে, যা চ্যাটজিপিটির বিকল্প হিসেবে চালু হয়েছিল। গ্রোক প্রশিক্ষিত হয়েছে ওয়েব ডেটা, বিশেষ করে এক্স-এর প্রকাশ্য পোস্টগুলোর ওপর।
মাস্কের দাবি, গ্রোক শুধু লেখা আপডেটই করবে না, বরং বিদ্যমান তথ্যের সত্যতা যাচাই করে ভুল ও আধাসত্য মুছে দিয়ে অনুপস্থিত তথ্যও যোগ করতে পারবে।
তিনি বলেন, ‘গ্রোক একটি উইকিপিডিয়া পেজ দেখে বুঝতে পারে কী সত্য, কী আধাসত্য, কী ভুল আর কী অনুপস্থিত। এরপর এটি নতুনভাবে লিখে দেয়, ভুল তথ্য বাদ দিয়ে, আধাসত্য সংশোধন করে এবং প্রয়োজনীয় প্রেক্ষাপট যোগ করে।’
উইকিপিডিয়ার সঙ্গে মাস্কের বিরোধ নতুন নয়। এর আগে তিনি বারবার প্ল্যাটফর্মটি নিয়ে পক্ষপাতের অভিযোগ তুলেছেন। এ বছরের শুরুতে উইকিপিডিয়ায় তার বিরুদ্ধে লেখা প্রকাশিত হলে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখান মাস্ক। এর আগেও একাধিকবার উইকিপিডিয়ার বিভিন্ন নিবন্ধ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।


