পাবনার ঈশ্বরদীতে এক মায়ের গর্ভে জন্ম নেওয়া আটটি কুকুরছানাকে হত্যা করার ঘটনা দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
সোমবার উপজেলা পরিষদ অডিটরিয়াম চত্বরের পাশের পুকুর থেকে বস্তাবন্দী অবস্থায় মৃত ছানাগুলো উদ্ধার করা হয়।
মানুষের সঙ্গে বহুদিন ধরে বসবাস করা এই প্রাণীগুলোর এমন হত্যাকাণ্ড সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে দেশের তারকাদেরও নাড়িয়ে দিয়েছে।
ঘটনার শুরু সপ্তাহখানেক আগে। উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টারে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের এক কর্মকর্তার বাসার আঙিনায় মা কুকুরটি আটটি ছানার জন্ম দিয়েছিল।
প্রতিদিনের মতোই ছানাগুলোকে আগলে রাখত মা কুকুরটি। কিন্তু হঠাৎ সোমবার তাকে ছুটোছুটি করতে ও কাঁদতে দেখে স্থানীয়রা সন্দেহ করেন।
খোঁজ নিতে গিয়ে জানা যায়, ছানাগুলোর আর্তনাদ থেমে গেছে, কারণ কেউ তাদের বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে।
পরে স্থানীয়রা পুকুর থেকে ছানাগুলোর নিথর দেহ উদ্ধার করেন। তখন মা কুকুরটি মৃত সন্তানগুলোর পাশে বসে আর্তনাদ করতে থাকে। একটি অসহায় মায়ের বেদনায় দৃশ্যটি উপস্থিত সবাইকে স্তব্ধ করে দেয়। পরে ছানাগুলোকে মাটিচাপা দেওয়া হয়।
এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোড়ন তোলে। অভিনেত্রী জয়া আহসান নিজের ফেসবুকে লেখেন, ‘ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ। খুনির কঠোরতম শাস্তি চাই।’
একইভাবে ক্ষোভ প্রকাশ করেছেন সাবিলা নূর, তানিয়া বৃষ্টি, নিলয় আলমগীর, তৌসিফ মাহবুবসহ আরও অনেকে।
নিলয় আলমগীর তার দীর্ঘ আবেগঘন লেখায় তুলে ধরেন, পানি ভর্তি বস্তার ভেতরে ছানাগুলো কীভাবে জীবন বাঁচানোর চেষ্টা করছিল, আর এখন মা কুকুরটি বুকের দুধ জমে যন্ত্রণায় কাতর হবে, হয়তো ছানাদের না পেয়ে মারা পর্যন্ত যেতে পারে। তিনি হত্যাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
অন্যদিকে, সাবিলা নূর কয়েকটি ছবি শেয়ার করে লেখেন, ‘এটা হৃদয়বিদারক। এই নিষ্ঠুরতার বিচার অবশ্যই করতে হবে।’


