আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি জাল টাকা চক্র, অজ্ঞান পার্টি, মলম পার্টি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে গত এপ্রিল মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব নির্দেশনা দেন।
ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঈদকে কেন্দ্র করে পশুর হাটের আশপাশে যেন যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে ট্রাফিক পুলিশকে বিশেষভাবে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি লঞ্চঘাট, বাস টার্মিনাল ও রেলস্টেশনগুলোতে নজরদারি ও তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন তিনি।
তিনি আরও বলেন, রাজধানীতে ফুট পেট্রোল জোরদার করতে হবে এবং প্রতিটি থানা এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে অভিযান চালাতে হবে। কোনো ধরনের অপরাধ যাতে সংঘটিত না হয়, সে জন্য পুলিশ সদস্যদের সতর্ক থাকার নির্দেশও দেন তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম পিপিএম বলেন, ঢাকা মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে। এই স্থিতিশীলতা ধরে রাখতে সবাইকে সজাগ থাকতে হবে। চলমান বিশেষ অভিযানে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে হবে।
মাসিক অপরাধ সভায় এপ্রিল মাসে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।
সভায় পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা ও ডিএমপির সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিত ছিলেন।


