ঈদুল আজহা ঘিরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ ও এর অধীন সবগুলো দপ্তর/সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থল বা অবস্থানস্থলের বিদ্যুৎ পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা ঈদের ছুটিকালে যে এলাকায় অবস্থান করবেন, সেখানকার বিদ্যুৎ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। একই সঙ্গে তারা পরিদর্শন সংক্রান্ত একটি প্রতিবেদন সচিব, বিদ্যুৎ বিভাগ বরাবর প্রেরণ করবেন।
এছাড়া, নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ এবং আকস্মিক বিদ্যুৎ-বিভ্রাটের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকাকালে গ্রাহক অসন্তোষ কমাতে মাইকিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে গ্রাহকদের জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় স্থানীয় মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাধ্যমেও গ্রাহকদের জানাতে বলা হয়েছে।
এ উদ্দেশ্যে স্থানীয় মসজিদের নাম এবং সংশ্লিষ্ট ইমাম/মুয়াজ্জিনদের নাম ও মোবাইল নম্বর বিদ্যুৎ বিভাগে পাঠানোর পাশাপাশি বিতরণকারী সংস্থা/কোম্পানির ওয়েবসাইটে আপলোড করতেও বলা হয়েছে।
উল্লেখ্য, ঈদ উপলক্ষে নির্দেশনা মোতাবেক দোকানপাট ও শপিংমল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ঈদের পর বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল যথারীতি বন্ধ রাখতে হবে।


