ঈদের আমেজে ঢাকাই সিনেমায় বইছে নতুন হাওয়া। মুক্তির অপেক্ষায় আছে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘ডোডোর গল্প’। ঈদুল আজহা মাতাতে আসছে এই ছবিরই একটি গান। আর সেই গানে মেলবন্ধন ঘটেছে দেশের দুই সংগীত মহারথী–সুরকার প্রিন্স মাহমুদ ও ‘শিরোনামহীন’ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজির তুহিনের!
প্রযোজনা সংস্থা জি-সিরিজের ব্যানারে এবং কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটকের পরিচালনায় চলচ্চিত্রটি এখন মুক্তির প্রক্রিয়ায়।
সিনেমাটির ফার্স্ট ইম্প্রেশন হিসেবে মুক্তি পাচ্ছে ‘জোছনায় ভাসা শহর’ শিরোনামের একটি গান। স্যামুয়েল হকের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন কিংবদন্তি সুরকার প্রিন্স মাহমুদ, আর কণ্ঠ দিয়েছেন তানজির তুহিন। গানটির সংগীতায়োজনে ছিলেন শাকের রাজা।
দীর্ঘ ৩১ বছর ধরে প্রতি ঈদে শ্রোতাদের হিট গান উপহার দিয়ে আসা প্রিন্স মাহমুদ এই গানটি নিয়ে দারুণ আবেগপ্রবণ। গানের কিছু অংশ শেয়ার করে তিনি বলেন, ‘কারও ধার ধারছি না মনে রাখিস, কোনো ছাড় ছাড়ছি না মনে রাখিস; তুই ছাড়া কেউ নেই, নেই তো আর, ভেতরের আমিটা ছারখার.. ’
গানটি নিয়ে প্রিন্স মাহমুদ যোগ করেন, ‘এখন থেকে বাণিজ্যিক সাফল্য বা অন্যের প্রশংসার কথা ভুলে কেবল নিজের আত্মার শান্তির জন্য গান করার সিদ্ধান্ত নিয়েছি। এটি কোনো কমার্শিয়াল গান না, এটি কানে হেডফোন লাগিয়ে একদম নিজের মতো করে অনুভব করার গান।’
অন্যদিকে, দীর্ঘ বিরতি ও অপেক্ষার পর এমন একটি গানে কণ্ঠ দিতে পেরে উচ্ছ্বসিত তানজির তুহিন। তিনি বলেন, ‘প্রিন্স ভাই যে আবেগ দিয়ে গানটি তৈরি করেছেন, আমি তা উপলব্ধি করে খুব দরদ দিয়েই গাওয়ার চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো লাগলেই আমার গায়কি সার্থক হবে।’
সিনেমার পরিচালক রেজা ঘটক জানান, গানটি তৈরির পেছনে রয়েছে এক বিশাল ইমোশনাল জার্নি। প্রিন্স মাহমুদ সিনেমাটির দৃশ্য, চরিত্র ও সেন্টিমেন্ট বুঝে অন্তত ৭-৮ বার পরিচালকের সঙ্গে বসে সুর তৈরি করেছেন, যার ওপর ভিত্তি করে পরে লিরিক লেখা হয়েছে।
প্রযোজক নাজমুল হক ভুঁইয়া এবং নির্বাহী প্রযোজক খাদেমুল জাহানের মতে, এই গানটি দর্শকদের মনে সিনেমাটি নিয়ে দারুণ এক ইতিবাচক কৌতূহল তৈরি করবে।
২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া ‘ডোডোর গল্প’ সিনেমার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ শেষ হয়েছে। গত ১৯ মে ২০২৬ তারিখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সিনেমার ড্রাফট কপি জমা দেওয়া হয়েছে।
ঈদুল আজহার পরপরই টেকনিক্যাল-শো সম্পন্ন করে এবং প্রয়োজনীয় কিছু কারেকশন শেষে সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। সব ঠিক থাকলে খুব শিগগির বড় পর্দায় দেখা মিলবে ডোডোর গল্পের।
সিনেমাটির মূল আকর্ষণ হিসেবে বড় পর্দায় হাজির হচ্ছেন ঢালিউডের গ্ল্যামার গার্ল পরীমণি এবং চিত্রনায়ক সাইমন সাদিক। এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন একঝাঁক গুণী অভিনয়শিল্পী–আমিরুল হক চৌধুরী, ওয়ামিদা মল্লিক, শহিদুল আলম সাচ্চু, আহসান হাবিব নাসিম, আনন্দ খালেদ এবং আরও অনেকে।
তারকাবহুল কাস্টিং, রেজা ঘটকের গল্প আর প্রিন্স মাহমুদ-তুহিন জুটির গান–সব মিলিয়ে ‘ডোডোর গল্প’ এই বছরের অন্যতম আলোচিত সিনেমা হতে যাচ্ছে!


