যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত

যশোরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত
ট্রেনের ধাক্কার দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

যশোরের অভয়নগরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকের সহযোগী (হেলপার) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার দুপুরে উপজেলার মশরহাটী গ্রামে আকিজ রিসোর্সেসের কয়লা ডিপোর সামনে যশোর-খুলনা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোনোয়ার হোসেন (৩৩) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহত রায়হান (২৯) একই ইউনিয়নের হাজিপুর মুন্দিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রায়হান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তারা ট্রাক নিয়ে আকিজ রিসোর্সেসের কয়লা ডিপোর সামনে পৌঁছান। সেখানে একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় যশোরগামী একটি ট্রেন ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ধাক্কায় ট্রাকের ভেতর থেকে মোনোয়ার ছিটকে রেললাইনের ওপর আছড়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় রায়হানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনার ফলে ওই রুটে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

আরও পড়ুন

স্থানীয় মোটর শ্রমিক নেতা ও ট্রাকচালক নূর শেখ বলেন, ‘আকিজ রিসোর্সেসের ডিপো থেকে কয়লা লোড করতে হলে এই রেললাইন পার হতে হয়। কিন্তু ক্রসিংটি সম্পূর্ণ অরক্ষিত হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। আজ আমরা আমাদের একজন শ্রমিক ভাইকে হারালাম। এখানে দ্রুত গেটম্যান নিয়োগ ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।’

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত জানান, রোববার দুপুরে ওই অরক্ষিত রেলক্রসিংয়ে যশোরগামী ‘মহানন্দা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় একটি খালি ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad