ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির হয়েছে পবিত্র ঈদুল আজহা।
পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক ঈদ মুবারক ও বিশ্ববাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
মঙ্গলবার এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমান পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য প্রস্তুত।
ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয়, বরং তা স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে, যোগ করেন তিনি।
বাণীতে তিনি আরও বলেন, মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ইমান, নিঃসর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল আজহায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, তিনি যেন সবার ত্যাগ কবুল করেন এবং আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।
একইসঙ্গে তিনি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহর দরবারে বিশেষভাবে প্রার্থনা জানান।
বাণীতে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ সবার কোরবানি ও ইবাদত কবুল করে নিন এবং তার অশেষ রহমত ও বরকতে সবার জীবন শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক।


