ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে পৃথক দুটি মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান উপস্থিত ছিলেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানীর সেতু বিভাগের সম্মেলন কক্ষে এবং পরে বিকাল সাড়ে ৪টায় সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে পৃথক দুটি মতবিনিময় সভা করেন সেতুমন্ত্রী। সভাগুলোতে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয় নির্ধারণ এবং সার্বিক সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় শেখ রবিউল আলম কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘চলমান জনকল্যাণমুখী প্রতিটি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রকল্পের গুণগত মান ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রতিটি কাজ সততা ও স্বচ্ছতার সঙ্গে শৃঙ্খলা বজায় রেখে ও প্রজ্ঞা নিয়ে করে যেতে হবে।’ তিনি কর্মকর্তাদের পেশাদারত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
বর্তমান সরকার গণমানুষের সরকার আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, ‘প্রতিটি সরকারি প্রতিষ্ঠানকে দেশমাতৃকার জন্য কাজ করতে হবে। সবার ওপরে দেশ। জনভোগান্তি কমিয়ে টেকসই যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’
মতবিনিময় সভায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. জিয়াউল হক এবং মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থার প্রধানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


