ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় নৌযাত্রা নিশ্চিত করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে সরাসরি তদারকি কার্যক্রম পরিচালনা করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
এ সময় তিনি ঈদযাত্রায় সদরঘাটে কঠোর নজরদারির কথা বলেন। একই সঙ্গে অতিরিক্ত যাত্রী বহনে কঠোর নিষেধাজ্ঞা দেন।
বৃহস্পতিবার সকালে তিনি টার্মিনালের বিভিন্ন পন্টুন পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় একাধিক লঞ্চে উঠে যাত্রীসংখ্যা যাচাই করেন এবং কোথাও অতিরিক্ত যাত্রীর চাপ দেখা গেলে সংশ্লিষ্ট লঞ্চগুলোকে ঘাটে না রেখে তাৎক্ষণিকভাবে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশে কয়েকটি লঞ্চ অতিরিক্ত যাত্রী না নিয়েই টার্মিনাল ত্যাগ করে।
প্রতিমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশ দেন, কোনো অবস্থাতেই অতিরিক্ত যাত্রী বোঝাই করে লঞ্চ চলাচল করতে পারবে না। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পাশাপাশি লঞ্চ চলাচলে শৃঙ্খলা বজায় রাখা, অসম প্রতিযোগিতা বন্ধ করা এবং যাত্রী ওঠানামায় শৃঙ্খলা নিশ্চিত করার ওপর জোর দেন।
এ সময় তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর কার্যক্রমও পর্যবেক্ষণ করেন। নদীপথের পরিস্থিতি নিবিড়ভাবে তদারকির লক্ষ্যে স্পিডবোটের মাধ্যমে মনিটরিং কার্যক্রম চালানো হয়।
উল্লেখ্য, বুধবার সদরঘাটে সংঘটিত একটি মর্মান্তিক নৌদুর্ঘটনার পর প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা ও নিখোঁজদের উদ্ধারে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ঈদযাত্রায় যাত্রীদের নিরাপদ, নির্বিঘ্ন ও সুশৃঙ্খল নৌযাত্রা নিশ্চিত করতে তাদের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।


