ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকেই আগুনের সূত্রপাত বলে মনে করছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক মঙ্গলবার বেবিচক সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ ধারণার কথা জানান।
তিনি বলেন, ‘কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে হচ্ছে। বিষয়টি আমরা নিশ্চিত নই। প্রাথমিকভাবে এমনই ধারণা করা হচ্ছে। অনেকগুলো সংস্থা বিষয়টি নিয়ে কাজ করছে। তাদের তদন্ত শেষে আগুনের প্রকৃত ও সুনিশ্চিত কারণ জানা যাবে।’
কার্গো ভিলেজে রাসায়নিকের উপস্থিতি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলেও জানান তিনি।
আগুনের সময় ১৫টি ফ্লাইট ভিন্ন ভিন্ন রুটে পাঠানো হয়েছে জানিয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘এ সময় বিমান চলাচল বন্ধ থাকায় যত যাত্রী আটকে পড়েছিলেন তাদের পরদিন বিকাল ৪টার মধ্যে নির্ধারিত গন্তব্যে পাঠানো হয়।’

গত ১৮ অক্টোবর দুপুর ২টা ১৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপে প্রায় ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে, ২৭ ঘণ্টা পর আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
এতে এই বিমানবন্দর থেকে বিমান চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়। ঐদিন রাত ৯টার পর ফের বিমান চলাচল শুরু হয়। এ ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি।


