ইন্টারনেট সেবাদাতাদের কার্যালয়ে হামলা, আইএসপিএবির প্রতিবাদ

ইন্টারনেট সেবাদাতাদের কার্যালয়ে হামলা, আইএসপিএবির প্রতিবাদ
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দেশের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে সাম্প্রতিক হামলা, ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

রোববার রাজধানীর বনানীতে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, গত ৯ জুন দিবাগত রাতে ঢাকার মোহাম্মদপুরের লালমাটিয়ায় অবস্থিত ডট ইন্টারনেটের প্রধান কার্যালয়ে হামলা হয়। একই সময়ে রাজধানীর বাড্ডা, চাঁদপুর সদর, কুমিল্লার দেবিদ্বার, গাজীপুর ও বগুড়ার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানেও হামলা চালানো হয়।

তিনি বলেন, এই হামলা শুধু একটি প্রতিষ্ঠানের ওপর আক্রমণ নয়, বরং দেশের তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও ডিজিটাল অর্থনীতির ওপর সরাসরি আঘাত। হামলার সময় একদল সন্ত্রাসী প্রতিষ্ঠানগুলোর কার্যালয়ে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এতে প্রতিষ্ঠানগুলোর একাধিক কর্মকর্তা ও কর্মচারী আহত হন এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষতি হয়। এই ধরনের হামলা খাতটির নিরাপত্তা, বিনিয়োগ পরিবেশ এবং সেবার ধারাবাহিকতা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।

পরিস্থিতি মোকাবিলায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ছয় দফা দাবি জানিয়েছে আইএসপিএবি। দাবিগুলোর মধ্যে রয়েছে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

আরও পড়ুন

তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট অবকাঠামোকে গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে নিরাপত্তা জোরদার এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নিরাপদ কার্যক্রম নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা এবং স্থানীয় থানাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।

আমিনুল হাকিম আরও বলেন, দেশের ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গঠনের এই সময়ে তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, না হলে বিনিয়োগ ও সেবা-দুই ক্ষেত্রেই এর নেতিবাচক প্রভাব পড়বে।

তিনি আশা প্রকাশ করেন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনার তদন্ত ও বিচার নিশ্চিত করবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁঞা, সহ-সভাপতি নেয়ামুল হক খান, যুগ্ম মহাসচিব মাহবুব আলম রাজু ও ফুয়াদ মোহম্মদ শরফুদ্দিন, কোষাধ্যক্ষ মইন উদ্দিন আহমেদ এবং পরিচালক রাশেদুর রহমান রাজন, মো. মিঠু হাওলাদার, সাব্বির আহমেদ, রাইসুল ইসলাম তুহিন, মো. জুবায়ের ইসলাম ও এস এম সাইফুল ইসলাম সেলিম।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad